আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় জোটের লং মার্চ সফল করার লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়ায় লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা।
সোমবার (৩১আগস্ট) বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীর নেতৃত্বে উপজেলার কেরানিহাট এলাকায় পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লং মার্চের কর্মসূচি সংবলিত লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, “৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। গণতান্ত্রিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এই কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে অংশ নিয়ে তা সফল করার জন্য আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি কর্মসূচি সফল করতে জামায়াতের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, উত্তর সাতকানিয়া সাঙ্গু সাংগঠনিক থানার আমীর মাস্টার সিরাজুল ইসলাম, সাতকানিয়া পৌরসভা আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, কেরানিহাট শহর শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল মালেকসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
