চট্টগ্রামের সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকার ইলিয়াস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—রওশন আক্তার (৩৮), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) এবং আরিফ মো. ইউসুফ (৫১)। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর আহত সাতজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত ছয়জনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় যাত্রীবাহী জোনাকি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সাতজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন মারা গেছেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
