চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ (দশ) দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ ২ সেপ্টেম্বর শুরু হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের হলরুমে প্রশিক্ষণটির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়িত”বাংলাদেশের প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়ন (দ্বিতীয় ফেইজ)” শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে।
সারাদেশের ৫৭ জেলার ১৫০ টি উপজেলায় ১০ ধরণের প্রান্তিক পেশার মোট ১২ হাজার প্রান্তিক পেশাজীবীদেরকে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সাতকানিয়া উপজেলায় প্রথম ব্যাচে মোট ৩০ জনকে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়েছে। প্রশিক্ষণার্থীদের দক্ষতা বৃদ্ধি ও ব্যবসার উন্নয়ন ঘটানোর জন্য মূলত এ প্রশিক্ষণের আয়োজন।
এছাড়া প্রশিক্ষণ ভাতার সাথে প্রান্তিক পেশাজীবীদের মধ্য হতে উদ্যোক্তা সৃষ্টির জন্য প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণ শেষে ব্যাংক হিসাবের মাধ্যমে এককালীন ১৮ হাজার টাকা অনুদানও দেওয়া হয়।
প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদেরকে এককালীন অনুদানের ডামি চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব দাশ পুরকায়স্থ, উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসাইন, উপজেলা আইসিটি অফিসার প্রকৌশলী আনোয়ার হোসেন এবং উপজেলা প্রকল্প অফিসার, আর এল পি, বিআরডিবি সঞ্জীব সরকার।
