চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের চৌমুহনী, রাঙ্গুনিয়া ন্যাশনাল আইডিয়াল স্কুল-সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ সড়ক বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে। সড়কের এমন নাজুক পরিস্থিতির কারণে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।
টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এছাড়া সড়কের একটি অংশ ধসে যাওয়ায় যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে কয়েকদিন ধরে ওই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, মরিয়ম নগর চৌমুহনী চৌরাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। পাশাপাশি অসংখ্য শিক্ষার্থী এই সড়ক ব্যবহার করে স্কুল-কলেজে যাওয়া-আসা করে। সড়কের এমন বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে এবং জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
এলাকাবাসীর দাবি, জনগুরুত্বপূর্ণ এই সড়ক দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। তাদের আশঙ্কা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
বিডি ভয়েস/আহাদ
