চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার পোমরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান।
উদ্বোধনের পর টিকা গ্রহণকারী শিশুদের সঙ্গে স্নেহপূর্ণ সময় কাটান ইউএনও। তিনি শিশুদের আদর করে তাদের হাতে চকলেট তুলে দেন, যা উপস্থিত অভিভাবক ও শিশুদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জামিলা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিপি রানী গোপ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু রায়হান এবং উপজেলা এমওডিসি ডা. মো. ইসমাঈল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল রহমান, ইউপি সদস্য ইকবাল হোসেন, ছাত্রদল নেতা মো. কামাল, এমটিইপিআই (MTEPI) মো. নাছির উদ্দীন, পরিবার পরিকল্পনা পরিদর্শক দিদারুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সীমা বড়ুয়া, স্বাস্থ্য সহকারী সাইফুল ইসলামসহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ ক্যাম্পেইনের আওতায় রাঙ্গুনিয়া উপজেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৫২ হাজার ৯০৬ জন শিশুকে হাম ও রুবেলা প্রতিরোধী টিকা প্রদান করা হবে। ২০ এপ্রিল শুরু হওয়া এ কার্যক্রম আগামী ১০ মে পর্যন্ত উপজেলার বিভিন্ন স্কুল ও কমিউনিটি পর্যায়ের স্থায়ী টিকাদান কেন্দ্রে একযোগে পরিচালিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, “হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হতে হবে।” তিনি নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে শিশুদের টিকা প্রদানের জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে এই টিকাদান কর্মসূচি সফল করতে আগামী ২০ দিন মাঠ পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীরা নিরলসভাবে কাজ করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
