চট্টগ্রামে সামাজিক সংগঠন মায়াফুলের উদ্যোগে দুই দফায় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের নতুন জামা বিতরণ করা হয়েছে। রমজান জুড়ে আরও ৮০০ শিশুকে দেয়া হবে ঈদের নতুন জামা।
সোমবার (২ মার্চ) দুপুরে নগরীর কাজির দেউরি এলাকায় ৬৮ জন সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র উপহার দেয় সংগঠনটি।
এর আগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) নগরীর চকবাজার চট্টেশ্বরী রোডে ৫৮ জন শিশুকে ঈদের নতুন জামা উপহার দেয়া হয়।
মায়াফুলের সভাপতি বশির আহমেদ বলেন,প্রতি বছরের ন্যায় এই বছরও রমজান জুড়ে প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত শিশুকে ঈদের নতুন জামা উপহার দেয়া হবে।
কার্যক্রমটি নিয়ে সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ জানান, রমজানের শুরুতে ভলান্টিয়ার অরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে মায়াফুলের ঈদবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়। মায়াফুলের সদস্য ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে ফান্ড কালেকশনের মাধ্যমে নগরীর বিভিন্ন স্পটে সুবিধাবঞ্চিত শিশুদের তিনটি ধাপে অতিক্রম করে ঈদের নতুন জামা তুলে দেয় ভলান্টিয়াররা।
প্রথম পর্যায়ে শিশুদের জামার মাপ নিয়ে টোকেন বিতরণ করা হয় পরদিন মাপ অনুযায়ী শপিং করে তার পরদিন নির্ধারিত সময়ে নতুন জামা শিশুদের হাতে তুলে দেয়া হয়। এই বছরই একই কার্যক্রমের মাধ্যমে এক হাজার সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের নতুন জামা উপহার দেবে মায়াফুল।
বিডি ভয়েস / এসসি
