ঢাকাWednesday , 7 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ২

Link Copied!

রাঙামাটির কাপ্তাইয়ে অভিযান চালিয়ে প্রায় ৮৩ লাখ টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সিগারেট বহনকারী একটি ডাম্পার ট্রাকসহ দুজনকে আটক করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) ভোরে রাঙ্গুনিয়া উপজেলার কাপ্তাই সড়কসংলগ্ন ইকোপার্কের পাশের সড়কে এ অভিযান পরিচালনা করে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ভোর ৪টার দিকে কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদীর নির্দেশনায় নায়েব সুবেদার মো. আহসান হাবিবের নেতৃত্বে একটি বিশেষ টহল দল রাঙ্গুনিয়া উপজেলার ইকোপার্কসংলগ্ন পাকা সড়কে অবস্থান নেয়।

এ সময় সন্দেহভাজন একটি ডাম্পার ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট পাওয়া যায়। পরে গণনা করে ১ হাজার ৭৯০ প্যাকেট প্যাট্রন (Patron) এবং ১ হাজার ৮০০ প্যাকেট অরিস (Oris) সিগারেটসহ মোট ১৮ হাজার ৮৯০ প্যাকেট অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

বিজিবির হিসাবে, জব্দ করা সিগারেট ও ডাম্পার ট্রাকসহ আটক মালামালের আনুমানিক সিজার মূল্য ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা।

কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান দমনে বিজিবি নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করে আসছে। দেশের অর্থনীতি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি জানিয়েছে, আটক দুই ব্যক্তি, জব্দ করা বিদেশি সিগারেট ও ডাম্পার ট্রাকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।