মাদক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে ৪ পুলিশ সদস্য গুরুতর আহত।
ঘটনাটি ঘটেছে জামালপুর জেলাধীন মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ২ নং চরে।
মাদক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করায় আসামীদের আত্মীয়স্বজনের হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে।
পরে পুলিশের অন্য একটি টিমও স্থানীয় লোকদের সহযোগিতায় আসামী এনামুল হক ও তার স্ত্রী সবুজা বেগমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় মেলান্দহ থানা পুলিশ ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘটনাটি ঘটে ২নংচরে এলাকায় মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেন।
আহত পুলিশ সদস্যরা হলো- মেলান্দহ থানার পুলিশের এসআই তরিকুল ইসলাম হিমন (৩৪), এএসআই আব্দুল আওয়াল (৩৭), এএসআই আবু রায়হান (৪০), পুলিশ সদস্য আবু তাহের (২৯)। আহত পুলিশ সদস্যরা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
মাদক মামলার গ্রেফতার পরোয়ানাভুক্ত আসামী এনামুল হক (২৮) ২ নংচর এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে। তার মামলা নং ২৪, ১৯/০৬/২৬ তারিখের একটি মাদক মামলার গ্রেফতার পরোয়ানাভুক্ত আসামি।
ওসি এটিএম মাহমুদুল হক বলেন, সোমবার সন্ধ্যার দিকে মেলান্দহ থানার এসআই হিমন ও সঙ্গীয় ফোর্স গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি এনামুল হককে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করেন।
এসময় আসামী এনামুল হককে গ্রেফতার করা হলে সে পরিচয় গোপন করে অন্য নাম বলে। পরে পুলিশের হাত থেকে ছেড়ে যেতে চাইলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়।
ধস্তাধস্তির এক পর্যায়ে আসামী এনামুল ও তার পরিবারের সদস্যরা পুলিশ সদস্যদের গ্রেফতারে বাধা দিয়ে এনামুলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে থানা থেকে আরও একটি ফোর্স গিয়ে এনামুল ও তার স্ত্রীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় এসআই হিমন বাম হাতে গুরুতর আঘাত পেয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে এফার্ড করা হয়েছে। অন্য আহতরা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসাধীন আছে।
মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
