চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১০ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন হোসেন। তিনি মইজ্জারটেক এলাকার “সাঈদ অটোমোবাইলস” নামের একটি জ্বালানি তেলের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানে দোকানটিতে অবৈধভাবে ১ হাজার ৭৫০ লিটার জ্বালানি তেল মজুদ রেখে অধিক মূল্যে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় জব্দকৃত জ্বালানি তেল নিকটবর্তী একটি পেট্রোল পাম্পে বিক্রি করে দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করে সেনাবাহিনী, র্যাব এবং কর্ণফুলী থানার একটি চৌকস পুলিশ দল।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন হোসেন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
