খাগড়াছড়ির মহালছড়িতে দুর্গম পাহাড়ি এলাকার মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত তিন সপ্তাহব্যাপী ধাত্রীবিদ্যা ও নার্সিং প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মহালছড়ি সেনা জোনের আয়োজনে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন দুর্গম এলাকা থেকে অংশ নেওয়া ২৫ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী (ফার্স্ট এইড কিট) তুলে দেওয়া হয়। প্রশিক্ষণার্থীদের মধ্যে পাহাড়ি ৯ জন ও বাঙালি ১৬ জন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহালছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ, পিএসসি। তিনি বলেন, দুর্গম এলাকায় জরুরি চিকিৎসাসেবার সীমাবদ্ধতার কারণে এ ধরনের প্রশিক্ষণ মা ও নবজাতকের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণে নিরাপদ মাতৃত্ব, প্রসবকালীন জটিলতা মোকাবিলা, প্রসব-পরবর্তী মা ও নবজাতকের পরিচর্যা, সর্পদংশনে প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন জরুরি স্বাস্থ্যসেবা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে সেনা কর্মকর্তাবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্স, প্রশিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
