ঢাকাSunday , 6 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুর হত্যা, আসামীর জামিন

ভয়েস ডেস্ক
September 6, 2026 9:37 pm
Link Copied!

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ডিসি হিল এলাকায় গাড়িচাপায় অন্তঃসত্ত্বা একটি পথকুকুরের মৃত্যুর ঘটনায় করা মামলার আসামি বাবলা দাশকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বাবলা দাশ।

পরে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজবীন সুলতানা জেনী বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামি বাবলা দাস চট্টগ্রাম জেলা প্রশাসকের ব্যক্তিগত গাড়িচালক।

অ্যাডভোকেট নাজবীন সুলতানা জেনী গণমাধ্যম কে বলেন, ‘আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর জামিন মঞ্জুর করেছেন আদালত। মামলার শুনানিসহ এত কিছু হয়ে গেল অথচ এ বিষয়ে আমাকে কোনো কিছু জানানো হয়নি।’

জেনী আরও বলেন, ‘এই মামলার চার্জশিটও দিয়ে ফেলেছে পুলিশ। কিন্তু আমি জানি না। ১০ দিন আগে মামলার চার্জশিটের অগ্রগতির বিষয়ে জানতে আদালতে যখন আবেদন করি, তখনই জানতে পারি এ মামলায় পুলিশ চার্জশিট দিয়ে ফেলেছে।’

এর আগে ২০২৫ সালের ৪ ডিসেম্বর রাতে নগরীর ডিসি হিলে একটি অন্তঃসত্ত্বা কুকুরকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ এনে আদালতে নালিশি মামলার আবেদন করেন তোফাইল আহম্মদ (২৭) নামের এক পশুপ্রেমী। মামলায় আসামি করা হয় ডিসির গাড়িচালক ও একজন নিরাপত্তাপ্রহরীকে। তখন আদালত মামলাটি এফআইআর হিসেবে নিতে কোতোয়ালি থানাকে নির্দেশ দেওয়ার পাশাপাশি ১৫ দিনের মধ্যে আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ৪ ডিসেম্বর রাতে ডিসির বাসভবন থেকে একটি গাড়ি বের হওয়ার সময় নিরাপত্তাপ্রহরী ডিসি হিলের প্রধান ফটকের দরজা খুলে দেন। তখন ফটকের সামনে একটি অন্তঃসত্ত্বা কুকুর বসা ছিল। কিন্তু চালক গাড়ি চালিয়ে কুকুরটির ওপর দিয়ে চলে যায়। কুকুরটি পিষ্ট হয়েছে বুঝতে পেরেও চালক গাড়ি চালিয়ে চলে যান। এ ছাড়া নিরাপত্তাপ্রহরী কুকুরটিকে দেখতে পেয়েও তাঁকে সরানোর কোনো উদ্যোগ নেয়নি এবং কুকুরটি পিষ্ট হওয়ার পর তাঁকে বাঁচানোর কোনো চেষ্টা করেনি।

এরপর কুকুর হত্যার ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পশুপ্রেমীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

আদালত সূত্রে জানা গেছে, গত আগস্টে মামলাটির তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। চার্জশিটে আসামি ডিসির বাসভবনের নিরাপত্তাকর্মীকে অব্যাহতির সুপারিশ এবং গাড়িচালককে এই মামলায় অভিযুক্ত করা হয়।