“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নবপ্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস।
শুক্রবার (পহেলা মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা ফজলে রাব্বি, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর আলম, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম জাবেদ এবং বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
আলোচনা সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, এটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক গৌরবময় দিন। ১৮৮৬ সালের ঐতিহাসিক শ্রমিক আন্দোলনের ধারাবাহিকতায় ন্যায্য মজুরি, নির্ধারিত কর্মঘণ্টা (৮ ঘণ্টা কর্মদিবস), কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষার দাবিই এই দিবসের মূল প্রতিপাদ্য।
বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। তাই তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। মে দিবস শুধু অতীত স্মরণ করার দিন নয়, এটি দায়িত্ব ও কর্তব্যের কথাও স্মরণ করিয়ে দেয়। তারা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মপরিবেশের নিরাপত্তা জোরদার, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সামাজিক নিরাপত্তা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে সরকারসহ সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। শ্রমিকদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দায়িত্বশীল ও উৎপাদনশীল ভূমিকা পালনেরও আহ্বান জানানো হয়।
একটি উন্নত, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের ওপর জোর দেন বক্তারা।
