সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে –২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। রুহিয়ার চারটি কেন্দ্রে এবার মোট ১,৬১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও প্রথম দিনে উপস্থিত ছিল ১,৫৮২ জন।
রুহিয়ার প্রধান চারটি পরীক্ষা কেন্দ্রের প্রাপ্ত তথ্যে দেখা গেছে, অধিকাংশ কেন্দ্রেই উপস্থিতির হার ছিল সন্তোষজনক। তবে সব কেন্দ্র মিলিয়ে মোট ২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।রুহিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ৭৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৭৩১ জন। অনুপস্থিত ছিল ৯ জন পরীক্ষার্থী।
কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক আব্দুল মান্নান জানান, অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব নাসিরুল ইসলামের তত্ত্বাবধানে এই কেন্দ্রে ৫১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০৬ জন উপস্থিত ছিল।
অনুপস্থিতির সংখ্যা মাত্র ৪ জন। রুহিয়া সালেহিয়া দারুসুন্নাত ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষায় এই কেন্দ্রে মোট ২৯১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৪ জন উপস্থিত ছিল এবং ৭ জন অনুপস্থিত ছিল। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ আব্দুল মান্নান।। রুহিয়া আদর্শ কারিগরি উচ্চ বিদ্যালয় এসএসসি ভোকেশনাল শাখা, এই কেন্দ্রে ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অনুপস্থিত ছিল ৯ জন। কেন্দ্র সচিবের দায়িত্বে রয়েছেন হরেন্দ্র নাথ রায়।
সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় থাকলেও ভেতরে পরিবেশ ছিল নিরবচ্ছিন্ন। কেন্দ্র সচিবদের কড়া নজরদারি এবং প্রশাসনের তদারকিতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোনো কেন্দ্রেই পরীক্ষার্থী বহিষ্কারের মতো ঘটনা ঘটেনি।
কেন্দ্র সচিবরা জানিয়েছেন, অনুপস্থিত পরীক্ষার্থীদের ব্যাপারে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবহিত করা হবে। সার্বিকভাবে রুহিয়ায় প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা।
