ঢাকাMonday , 20 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. নারী ও শিশু
  14. পর্যটন
  15. পার্বত্য জেলার খবর

চট্টগ্রামে যৌতুকের মামলায় পুলিশ সার্জেন্টের কারাদণ্ড

ভয়েস ডেস্ক
April 20, 2026 6:07 pm
Link Copied!

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় পুলিশের সার্জেন্ট (সাময়িক বরখাস্ত) মো. নাজিম উদ্দিনকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

মো. নাজিম উদ্দিন (৫০) পটিয়া উপজেলার তেকাটা গ্রামের মৃত খায়ের আহম্মেদের ছেলে।

সোমবার (২০ এপ্রিল) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোস্তাক আহমেদ এ রায় দেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আলমগীর মোহাম্মদ ইউনুছ জানান, যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশের সার্জেন্ট (সাময়িক বরখাস্ত) মো. নাজিম উদ্দিনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনাল আপিলের শর্তে আসামিকে জামিন দিয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ভুক্তভোগী নারীর সঙ্গে ২০০৪ সালে মো. নাজিম উদ্দিনের বিয়ে হয়। তাদের সংসারে এক মেয়ে ও এক ছেলে রয়েছে। অভিযোগে বলা হয়, একটি ফ্ল্যাট কেনার জন্য স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন নাজিম উদ্দিন। এ টাকা আনতে চাপ দিয়ে তিনি দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালান।

২০২০ সালের মার্চ ও জুন মাসে একাধিকবার নির্যাতনের ঘটনা ঘটে। সর্বশেষ ২০২০ সালের  ১৪ জুন সন্ধ্যায় টাকা না দেওয়ায় মারধর ও গলা চেপে হত্যার চেষ্টা করা হয়। এ সময় সন্তানসহ আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনার পর আদালতে মামলা দায়ের আবেদন করা হলে নগরীর কোতোয়ালী থানায় মামলা রেকর্ড করার আদেশ দেন।

২০২০ সালের ১৭ আগস্ট থানায় মামলা রেকর্ড করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হলে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

আইন-আদালত সর্বশেষ