চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা সমন্বয় সভা এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে অনুষ্ঠিত সভাদ্বয়ে মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ সরোয়ার আলমগীর।
উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে সভাদ্বয়ে উপজেলার সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসেবা কার্যক্রম এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নদী ও পরিবেশের সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।
সভাদ্বয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
