চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার হালদা নদী সংলগ্ন বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ২০ হাজার ঘনফুট বালু ও বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম আটক করা হয়েছে।
২৫ আগস্ট মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ভূজপুর থানা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানকালে হালদা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে উত্তোলন করা বিপুল পরিমাণ বালু এবং বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম আটক করা হয়। পরে আটককৃত প্রায় ২০ হাজার ঘনফুট বালু ফ্ল্যাশিং আউট করে পুনরায় নদীতে ফেলে দেওয়া হয়। একই সঙ্গে বালু উত্তোলনের সরঞ্জামাদি বিনষ্ট করা হয়েছে।
উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অবৈধ বালু উত্তোলন বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। হালদা নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।