চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর চৌমুহনীস্থ এস. এম. ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২১ জুলাই) দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় ২০০ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষাও সম্পন্ন করা হয়।
ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক ডা. রাজেশ দে ও ডা. রিফাত ফাইরুজ সাইমুন রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন।
এস. এম. ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুল্লাহ আহাদ বলেন, “প্রতিষ্ঠার শুরু থেকেই এস. এম. ডায়াগনস্টিক সেন্টার সাধারণ মানুষের জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
দিনব্যাপী আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় জনগণের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
এ সময় এস. এম. ডায়াগনস্টিক সেন্টারের পরিচালনা পরিষদের সদস্য ডা. আলমগীর হোসেন, ডা. হাসান মুরাদ, মোহাম্মদ ফজলুল করিম, ডেন্টিস্ট হিরু মুৎসুদ্দী, গিয়াস উদ্দিনসহ সেন্টারের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।