ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভ্যানচালক সহেদালীর বসতবাড়ির অন্তত তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে খাদ্যশস্য, নগদ অর্থ, আসবাবপত্রসহ প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনে পরনের কাপড় ছাড়া পরিবারের প্রায় সবকিছুই পুড়ে গেছে।
রুহিয়া ইউনিয়নের ঘনিবিষ্ণুপুর ৭নং ওয়ার্ডের পুরাতন ঈদগাহপাড়া এলাকায় ভ্যানচালক সহেদালীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, দুপুরে সহেদালীর স্ত্রী মোছা. রূপবান বেগম বাড়ির বাইরের রান্নাঘরে রান্না করছিলেন। এ সময় তাঁর ছেলে ও পুত্রবধূ সুরভী আক্তার টিউবওয়েলে কাপড় ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ ঘরে ঢুকে তারা আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
পরিবারের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করলেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় বসতঘরের আসবাবপত্র, আলমারি, ফ্রিজ, খাট, ধান-চাল, প্রয়োজনীয় মালামাল ও নগদ অর্থসহ সবকিছু পুড়ে যায়। আগুনের তীব্রতায় পরিবারের সদস্যরা ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্রও বের করতে পারেননি।
খবর পেয়ে আটোয়ারী উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আগুনে ঘরবাড়ি ও প্রয়োজনীয় সবকিছু হারিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন পরিবারের সদস্যরা।
ঘটনার খবর পেয়ে রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের সহযোগিতার আশ্বাস দেন।
হঠাৎ এই অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে দিশেহারা পরিবারটি এখন সরকারি-বেসরকারি সহায়তার প্রত্যাশায় রয়েছে।