
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হয়েছে।
এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ৫২ হাজার ৯০৬ জন শিশুকে প্রতিষেধক টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জমিলা জানান, এবারের ক্যাম্পেইনে কমিউনিটি পর্যায়ে ৪২ হাজার ৯০ জন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ হাজার ৮১৬ জন শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে। ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী শিশুদের বিনামূল্যে এ টিকা প্রদান করা হবে।
তিনি আরও জানান, আজ ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত চলবে এ কার্যক্রম। মোট ১১ কর্মদিবসে পর্যায়ক্রমে এলাকা ভিত্তিকভাবে ক্যাম্পেইন পরিচালিত হবে। প্রতিটি ইউনিয়নের নির্দিষ্ট কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে এই টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শিশুদের হাম ও রুবেলার মতো মারাত্মক রোগ থেকে সুরক্ষিত রাখতে সরকার দেশব্যাপী এই কর্মসূচি গ্রহণ করেছে। রাঙ্গুনিয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম ও পাড়া পর্যায়েও যেন কোনো শিশু টিকার বাইরে না থাকে, সে লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী কেন্দ্রগুলোতে স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থাকবেন। অভিভাবকদের নির্দিষ্ট সময়ে তাদের শিশুদের নিয়ে নিকটস্থ টিকাদান কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
এ উপলক্ষে গত বুধবার (১৫ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬” উপলক্ষে উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন সভা ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, স্বাস্থ্য সহকারী ও এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জমিলা। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু রায়হান। কর্মসূচি পরিচালনা করেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মুহাম্মদ ইসমাইল হোসেন।
সভায় আসন্ন ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে টিকাদান কার্যক্রম জোরদার, লক্ষ্যমাত্রা অর্জন, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।