হাজার হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে, ফুলেল শুভেচ্ছায় ও উৎসবমুখর পরিবেশে বরণ করে নেওয়া হয়েছে নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপেন তালুকদার দিপু ও সদস্যদের।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ঢাকা থেকে রাঙ্গামাটির উদ্দেশে রওনা হয়ে জেলার প্রবেশমুখ বেতবুনিয়ার গোদারপাড়ে পৌঁছালে স্থানীয় জনসাধারণ ও শুভাকাঙ্ক্ষীরা ফুল দিয়ে তাদের স্বাগত জানান।
এরপর নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গাড়িবহর রাঙ্গামাটি শহরের দিকে এগিয়ে আসলে সড়কের বিভিন্ন স্থানে জড়ো হন সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ। এসময়ে স্থানীয়রান বিভিন্ন শ্লোগান ও করতালির মাধ্যমে স্বতঃস্ফূর্ত ভাবে ফুলের তোড়া ও মালা হাতে শুভেচ্ছায় বরণ করে নেন নতুন চেয়ারম্যান ও সদস্যদের। কেউ কেউ আবা প্রিয় নেতাদের একনজর দেখার জন্য ছুটে আসায় মানুষের ভীড় তৈরি হয়।
নবগঠিত পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের আগমনকে ঘিরে এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ফুলেল শুভেচ্ছা শুধুমাত্র আনুষ্ঠানিক অভ্যর্থনাই নয়, এই উষ্ণ অভ্যর্থনার এর মধ্য দিয়ে ফুটে উঠেছে পার্বত্য এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নানাবিধ আশা- প্রত্যাশার চিত্রও। নতুনদের কাছে স্থানীয়দের আশা তারা শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, পর্যটন ও অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমুখী কর্মকাণ্ড কার্যকর ভূমিকা রাখবে।
এর আগে নবাগত জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের স্বাগত জানিয়ে জেলার বিভিন্ন উপজেলা গুলো থেকে শুভেচছা ব্যানার, ফেস্টুন ও ফুলের তোড়া এবং মালা হাতে শুভেচ্ছা জানাতে হাজার হাজার মানুষ শহরে জড়ো হয়।
এদিকে নবগঠিত পরিষদের চেয়ারম্যান ও সদস্য স্বাগত জানিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহরে র্যালি ও আনন্দ মিছিল করে।