কুড়িগ্রামের ফুলবাড়ীতে মরহুম রমজান আলী মন্ডলের স্মৃতি স্মরণে হাডুডু টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় ক্রীড়া প্রেমী ও তরুণদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিমুল সিমান্ত ক্রীড়া চক্রের আয়োজনে অনুষ্ঠিত খেলায় স্থানীয় বিভিন্ন হাডুডু দল অংশগ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মাস্টার। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন ফুলবাড়ী জছি মিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী।
উদ্বোধনী খেলায় ফুলবাড়ী সবার আগে বাংলাদেশ হাডুডু একাদশ ও হক বাজার হাডুডু একাদশ পরস্পরের মুখোমুখি হয়। খেলা দেখতে মাঠের চারপাশে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকরা জানান, মরহুম রমজান আলী মন্ডলের স্মৃতিকে ধরে রাখার পাশাপাশি স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যেই এ হাডুডু টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
স্থানীয়রা বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা মানুষের মধ্যে আনন্দ ও বিনোদনের পাশাপাশি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে।